News

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করছে। তবে নাম পরিবর্তন হলেও গ্রাহকদের বিদ্যমান নম্বর, সিম, প্যাকেজ, ব্যালান্স ও সেবায় কোনো পরিবর্তন হবে না।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।

রবি আজিয়াটা জানায়, ১৬ বছর পর নতুন পরিচয়ে যাত্রা শুরু করছে এয়ারটেল। এখন থেকে এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। গ্রাহকদের এ জন্য আলাদাভাবে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

গ্রাহকদের ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। একইভাবে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।

আরো পড়ুন

এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক পরিচয়কে ধরে রেখেই ‘সার্কেল’ ব্র্যান্ড সাজানো হয়েছে। নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও বিভিন্ন ডিজিটাল সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে রবি।

বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং তরুণদের দৈনন্দিন ডিজিটাল কর্মকাণ্ডে আরও সাশ্রয়ী ও আধুনিক সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেবে ‘সার্কেল’।

নতুন ব্র্যান্ডটির স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল।’

রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ।

তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। এখন শুধু বেশি মানুষকে সংযুক্ত করাই নয়, বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সেবা নিরবচ্ছিন্ন থাকবে। এয়ারটেলের গ্রাহকদের নতুন করে নিবন্ধন বা অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।

এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যও আগের মতোই সচল থাকবে।

পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারার কথা বিবেচনা করে ‘সার্কেল’ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রবি। এয়ারটেলের তারুণ্যকেন্দ্রিক শক্তিকে ধরে রেখে নতুন ব্র্যান্ডটি ডিজিটাল সক্ষমতা ও ভবিষ্যৎমুখী সেবার দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

source: Asia Post

Back to top button