পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

পরিবার ও ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্ট মাসের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। খবর ওয়ালস্ট্রিটজার্নাল-এর।
বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন ২৭ বছর বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কারণে তিনি তার দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারছিলেন না। মূলত সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টি এবং ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।
source: Rajneete







