ইরানের পরমাণু স্থাপনায় ‘রেকি’ করার দাবি সাবেক মোসাদ প্রধানের

ইরানের সুসংরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের গোয়েন্দারা ‘অনেকবার’ গিয়েছিলেন বা রেকি করেছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন।
মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের একটি সম্মেলনে তিনি এই বিস্ফোরক দাবি করেন। খবর সিবিএস নিউজের।
সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, “স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।” তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
গত বছরের জুনে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অকার্যকর করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ১২ দিনব্যাপী চলা সেই সংঘাতের একপর্যায়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও যোগ দেয়। সে সময় মার্কিন উন্নত যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়।
মার্কিন যৌথ হামলার বিষয়টি উল্লেখ করে সাবেক এই মোসাদ প্রধান উল্লাস প্রকাশ করে বলেন, “আমেরিকানদের ওই পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোটা ছিল আমার সমস্ত স্বপ্নের বাস্তবায়ন।”
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কোহেনের আমলেই ইরানের পারমাণবিক নথিপত্র চুরিসহ একাধিক চাঞ্চল্যকর গোপন অভিযান পরিচালনা করেছিল সংস্থাটি।
source: Rajneete







