পাবজির সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলাদেশে, ভারতীয় এজেন্সিকে দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ২০২৬ কোয়ালিফায়ার। তবে এই আন্তর্জাতিক আয়োজনের প্রধান দায়িত্ব ভারতীয় এজেন্সি ইস্পোর্টস কাউন্টিকে দেওয়ায় দেশের ইস্পোর্টস অঙ্গনে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।
বাংলাদেশে একাধিক অভিজ্ঞ ইস্পোর্টস প্রতিষ্ঠান আন্তর্জাতিক টুর্নামেন্ট, ল্যান ইভেন্ট, সম্প্রচার ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় কাজ করলেও তাদের বাদ দিয়ে বিদেশি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার কারণ কী—তা স্পষ্ট নয়।
আয়োজনের ভেন্যু, অবকাঠামো, স্থানীয় জনবল ও অধিকাংশ সরবরাহ বাংলাদেশের হলেও প্রকল্পের ব্যবস্থাপনা, বাণিজ্যিক সুবিধা ও আন্তর্জাতিক স্বীকৃতির বড় অংশ বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরির সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ছাড়া ইস্পোর্টস কাউন্টির বাংলাদেশে প্রয়োজনীয় নিবন্ধন, ট্রেড লাইসেন্স, কর-ভ্যাট নথি, বিদেশি কর্মীদের কাজের অনুমতি এবং বৈদেশিক অর্থ লেনদেনের অনুমোদন রয়েছে কি না—সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করা প্রয়োজন।
একই সঙ্গে বিদেশি কর্মীদের ভিসা, সরকারি স্থাপনায় প্রবেশাধিকার এবং খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ব্যবস্থাপনা নিয়েও স্বচ্ছতা জরুরি।
বাংলাদেশের ইস্পোর্টস সংশ্লিষ্টদের দাবি, প্রকিউরমেন্ট প্রক্রিয়া ও দায়িত্ব দেওয়ার কারণ প্রকাশ করা, বিদেশি প্রতিষ্ঠানের সব আইনগত কাগজপত্র যাচাই করা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ইস্পোর্টস আয়োজনে যোগ্য দেশীয় প্রতিষ্ঠানকে নেতৃত্ব বা যৌথ নেতৃত্ব দেওয়ার সুযোগ নিশ্চিত করা হোক।
source: Asia Post







