News

সহজে ঋণ পাওয়ায় কর আদায়ে অনীহা সরকারের: আনিসুজ্জামান চৌধুরী

সহজে ঋণ পাওয়া যায়, তাই সরকার কষ্ট করে কর আদায়ের কঠিন পথে হাঁটতে চায় না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থনীতিবিদ ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে কর আদায়ের হার জিডিপির তুলনায় কম হওয়ার পেছনে প্রশাসনিক ও রাজনৈতিক উভয় কারণ রয়েছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, কর আদায় করা যে কোনো সরকারের জন্যই একটি কঠিন কাজ। কিন্তু যখন দেশি বা বিদেশি উৎস থেকে সহজেই ঋণ নিয়ে বাজেট পরিচালনা করা যায়, তখন সরকার জনগণকে অসন্তুষ্ট করে কর আদায়ের কঠিন পথে হাঁটতে আগ্রহী হয় না।

তিনি বলেন, এর ফলে দেশে কর ফাঁকি দেওয়ার একটি সংস্কৃতি তৈরি হয়েছে। শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, বড় বড় ব্যবসায়ীদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়।

ড. আনিসুজ্জামান চৌধুরী আরও বলেন, কর না দেওয়ার আরেকটি বড় কারণ হলো সরকারের প্রতি জনগণের আস্থার অভাব। মানুষ কর দেওয়ার পর সেই অর্থ কোথায় ব্যয় হচ্ছে এবং এর বিনিময়ে তারা কোনো নাগরিক সেবা পাচ্ছে কি না, তা নিয়ে সন্দিহান থাকে।

তিনি বলেন, কর হলো নাগরিকত্বের মূল্য। রাষ্ট্র যখন করের বিনিময়ে যথাযথ সেবা নিশ্চিত করতে পারবে, তখনই জনগণের মধ্যে সরকারের প্রতি ট্রাস্ট বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এবং কর প্রদানের প্রবণতাও বাড়বে।

source: Asia Post

Back to top button