News

এশিয়া পোস্টের অগ্রযাত্রা অব্যাহত থাকুক: প্রতিমন্ত্রী টুকু

অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম এশিয়া পোস্টের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (৩ আগস্ট) রাতে এশিয়া পোস্টের কার্যালয়ে ইউটিউব চ্যানেলের প্লে বাটন অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন। এ সময় তিনি প্লে বাটন অর্জন উপলক্ষে কেক কাটেন এবং এশিয়া পোস্টের উদ্বোধনী ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

প্রতিমন্ত্রী বলেন, এশিয়া পোস্টের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। অল্প সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে গণমাধ্যমটির অগ্রগতি এবং দর্শকদের কাছে পৌঁছানোর সক্ষমতা প্রশংসার দাবিদার।

তিনি বলেন, বর্তমানে অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইউটিউবের মাধ্যমে সংবাদ ও তথ্য গ্রহণ করে। তাই প্রতিটি সংবাদের একটি ইতিবাচক উদ্দেশ্য থাকা উচিত এবং সেই সংবাদ যেন সমাজের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সংবাদকর্মীরাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। এশিয়া পোস্ট একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ গণমাধ্যম হিসেবে মানুষের আস্থা অর্জন করবে এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আগামী দিনেও এশিয়া পোস্ট মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা রাখছি। এশিয়া পোস্টের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ, হেড অব নিউজ শাকিল ফারুকসহ প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button