লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে গ্যাস না পাওয়ায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
রোববার (২ আগস্ট) রাত ১২টায় জেলা শহরের ইসলাম মার্কেট এলাকায় ‘গ্রীন লাইফ ফিলিং স্টেশন’-এর সামনে এ সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ এসে বিক্ষুব্ধ চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে গ্যাস না থাকায় পাম্পে তালা ঝুলিয়ে বাড়ি চলে যান ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভকারী সিএনজি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। ফলে তাদের দূরদূরান্তের এলাকা থেকে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং ফিলিং স্টেশনটি চালুর দাবি জানান।
অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে। এ সময় তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলে চালকেরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল হাসান বলেন, সিএনজি চালকেরা গ্যাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে হট্টগোল করছিলেন। খবর পেয়ে আমরা গিয়ে তাদের শান্ত করি। একই সঙ্গে তাদের বুঝিয়ে বলা হয় যে, এটি কোনো স্থানীয় সমস্যা নয়; জাতীয়ভাবেই গ্যাসের সংকট চলছে। পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়।
source: Asia Post







