News

পাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ব্যবসায়ী প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শেহজাদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফাত বিন ইসলাম শোভনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মাজহারুল ইসলাম অন্তর, মো. সোহানুর রহমান, মো. তরিকুল ইসলাম, মো. ইফতেখার মাহমুদ সৌরভ ও মেহেদী হাসান চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান হৃদয়, জহুরুল ইসলাম পিয়াস, মো. আলমাছুর রহমান অয়ন, সাইফুল চৌধুরী ও আবু জামিল মো. ইমরান এবং সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি ও শাহ আলম।

এদিকে নবঘোষিত কমিটির একাধিক নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর রয়েছে। এর মধ্যে সভাপতি মো. শেহজাদ হাসানের সনদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে। সহসভাপতি মো. সোহানুর রহমান সোহানের সনদ তিন বছরের জন্য স্থগিত রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিয়াসের সনদও নির্দিষ্ট মেয়াদের জন্য স্থগিত রয়েছে। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান হৃদয় আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম তিন বছরের জন্য বহিষ্কৃত অবস্থায় রয়েছেন।

source: Asia Post

Back to top button