News

দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেল এশিয়া পোস্ট

অনলাইনে আলোড়ন তোলার পর জনপ্রিয় সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এবার আসছে ছাপা সংস্করণে।

বুধবার (২৯ জুলাই) ‘দৈনিক এশিয়া পোস্ট’ নামে নতুন বাংলা পত্রিকা প্রকাশের অনুমোদন দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ দৈনিকের প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত সাংবাদিক পলাশ মাহমুদ। এশিয়া পোস্ট অনলাইনেও প্রকাশক-সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি অনলাইনে যাত্রা শুরু হয় এশিয়া পোস্টের। ‘ইওর গ্লোবাল ভয়েস’ স্লোগান নিয়ে তিন মাস পরীক্ষামূলকভাবে কার্যক্রম পরিচালনার পর ১১ মে আনুষ্ঠানিকভাবে এ গণমাধ্যমটির উদ্বোধন করা হয়। রাজধানীর প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এশিয়া পোস্টের উদ্বোধন ঘোষণা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ ছাড়া উদ্বোধনী আয়োজন ঘিরে দেড় লাখেরও বেশি পাঠক-শুভকাঙ্ক্ষী ফেসবুকে শুভেচ্ছা কার্ড প্রকাশ করে এশিয়া পোস্টকে শুভকামনা জানান। একই সঙ্গে দেশব্যাপী একযোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বিশিষ্টজনরা যোগ দেন। একটি গণমাধ্যমের কার্যক্রমের শুরুতেই এমন প্রচারকৌশলও সবার নজর কেড়েছে।

এশিয়া পোস্ট লিমিটেডের মালিকানাধীন অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক এ সংবাদমাধ্যমটি পরীক্ষামূলক সময়েই পাঠকপ্রিয়তা লাভ করেছে এবং নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে আস্থা অর্জন করেছে। স্বল্প সময়ের মধ্যে অভিনব, ব্যতিক্রমী এবং গভীর অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও কনটেন্ট প্রচারের মাধ্যমে সর্বমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এশিয়া পোস্ট। নির্ভরযোগ্য একাধিক জরিপ অনুযায়ী, বাংলাদেশের অনলাইনভিত্তিক গণমাধ্যমগুলোর মধ্যে পাঠকপ্রিয়তায় এশিয়া পোস্টের অবস্থান ১ নম্বরে।

সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবং পাঠকদের চাহিদার কারণেই এবার ছাপা সংস্করণে দৈনিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এশিয়া পোস্টের প্রকাশক ও সম্পাদক পলাশ মাহমুদ। অনলাইনের মতো ছাপা পত্রিকার জগতেও নতুনত্ব যোগ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা প্রথমে অনলাইনভিত্তিক মাধ্যমগুলোতে কার্যক্রম শুরু করি। এখন ছাপা পত্রিকার অনুমোদন পাওয়া গেছে। পত্রিকাটি কবে বাজারে আসবে, সে সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত হবে।

এ বিষয়ে এশিয়া পোস্টের হেড অব নিউজ শাকিল ফারুক বলেন, নতুন ধারার সাংবাদিকতা এবং নতুন সময়ের পাঠকের চাহিদা পূরণের লক্ষ্য নিয়েই আমাদের পথচলা। অনলাইনে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়ে এবার ছাপা পত্রিকাতেও পাঠকদের নতুন অভিজ্ঞতার স্বাদ দিতে চাই আমরা। এশিয়া পোস্টের অভিজ্ঞ ও তারণ্যনির্ভর কর্মী বাহিনী আমাদের ভরসা এবং পাঠক ও দর্শকের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।’

source: Asia Post

Back to top button