পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হবে। এ স্কিমে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ বেসরকারি খাতে কর্মরত এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বাইরে থাকা যে কেউ অংশ নিতে পারবেন। ১৮ থেকে ৫০ বছর বয়সি নাগরিকরা এ স্কিমে যুক্ত হতে পারবেন। ৬০ বছর বয়স থেকে তারা নির্ধারিত হারে পেনশন পাবেন।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারের এ উদ্যোগ দিনাজপুরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে চাই। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ৪৫টি ব্যাংকের সঙ্গে পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সর্বজনীন পেনশন স্কিমের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে জীবনের শেষ সময়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা পাবেন। এর মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের যে উদ্যোগ রয়েছে, তা বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে যাবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। আর দক্ষ শিক্ষক তৈরি করতে প্রয়োজন মানসম্মত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে মিরপুরে এ ধরনের মাত্র একটি কলেজ রয়েছে। সরকার এখন দেশের চারটি বিভাগে চারটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, এসব কলেজের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানে দক্ষ শিক্ষক তৈরি করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
দিনাজপুর স্থানীয় সরকারের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান প্রমুখ।
source: Asia Post








