পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১২

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ধ্বংসস্তূপের নিচে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
করাচির বেলুচ কলোনি এলাকার কাছে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী যন্ত্রপাতি ব্যবহারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভবনের অবশিষ্ট অংশ আরও ধসে পড়ার আশঙ্কা থাকায় হাতে খোঁড়াখুঁড়িকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, অভিযান পরিচালনার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে, যাতে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো সম্ভব হয়।
কর্মকর্তারা জানান, ভারী যন্ত্রপাতি ব্যবহারে উদ্ধারকাজের পাশাপাশি নতুন করে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে। এ কারণে ধীরে ধীরে হাতে ধ্বংসস্তূপ সরিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র জানান, আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ভবন ধসের ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলায় হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ এবং ১৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে এএফপির সাংবাদিকেরা ধ্বংসস্তূপের বিশাল স্তূপ এবং দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান।
করাচির ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলের বেলুচ কলোনিতে ভবনটি ধসে পড়ায় কয়েক তলা সমান উঁচু ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে। সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকর্মীরা ইট, কংক্রিট ও অন্যান্য নির্মাণসামগ্রী সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন।
ঘটনাস্থলের কাছে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে নিখোঁজ স্বজনদের খোঁজে আসা মানুষজন নিজেদের মুঠোফোনে থাকা নিখোঁজ ব্যক্তিদের ছবি কর্মকর্তাদের দেখাচ্ছেন।
দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ জীবিত আটকে আছেন কি না, তা জানতে উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে জিও নিউজ।
source: Asia Post







