News

পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আ.লীগের

পুড়িয়ে দেওয়া থানাগুলো পুনরায় চালু, জেলা থেকে বিজিবি প্রত্যাহার, স্বাভাবিক রেল যোগাযোগ চালু এবং রাজনৈতিক মামলায় গ্রেপ্তার বন্ধসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা। এসব দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়ে দলটি বলেছে, রাজনৈতিক পরিচয়ের কারণে গোপালগঞ্জের মানুষকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

Advertisement

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে এতে বলা হয়, এ জেলার মানুষও দেশের অন্য নাগরিকদের মতো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়নের সমান অধিকারী। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো জেলার মানুষকে বৈষম্য ও হয়রানির শিকার করা গ্রহণযোগ্য নয়।

দাবিগুলো হলো-

আরো পড়ুন

১. গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার করতে হবে।

২. গোপালগঞ্জের সব বন্ধ থানা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করতে হবে।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। তারা রাষ্ট্রের বাহিনী। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দলীয় প্রভাবুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।

৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা চালু করতে হবে।

৫. জনগণের করের অর্থ থেকেই রাষ্ট্রীয় বাজেট ও উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা কোনোভাবেই বন্ধ বা বাতিল করা যাবে না। জেলার জনগণকে বৈষম্যের শিকার করা যাবে না।

৬. গোপালগঞ্জের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।

৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। জমি-জমাসংক্রান্ত দলিল নিবন্ধনসহ জনগণের জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

৮. বিভিন্ন গণমধামে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত অসত্য ও বিভ্রাভিকর তথ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন সাংবাদিকতার পরিপন্থি সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশ করতে হবে।

এর আগে ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের সংকলিত নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

নথি অনুযায়ী, এসব ঘটনায় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েক শ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সহিংসতা থেকে হাসপাতালও রেহাই পায়নি। সেখানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়। এ ছাড়া ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং ৮ থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগ বিবৃতিতে আরও বলেছে, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেগুলো প্রত্যাখ্যান করছে দলটি। দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে গোপালগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

source: Asia Post

Back to top button