News

মাদ্রাসাশিক্ষার্থীকে আটক করে ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা’ হিসেবে চালান দিল পুলিশ

মো. রিয়াজুল ইসলাম, রাজধানীর ডেমরার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার আলিম শিক্ষার্থী। গত ১৮ নভেম্বর গুলিস্তান পার্কসংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে আটক করা হয়েছে উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনের এক বছর আগের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা’ বানিয়ে তাকে আদালতে চালান দেওয়া হয়। ১৯ নভেম্বর কারাগারে পাঠানো হয় এ মাদ্রাসা শিক্ষার্থীকে।

পল্টন মডেল থানা পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে রিয়াজুল ইসলামকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সহসম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। তবে, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে (২০২২) এ নামের কাউকে খুঁজে পায়নি এশিয়া পোস্ট। সেখানে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে রওনক আহমেদ এবং উপ-ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দিগন্ত দে অক্ষয়, রিপন বড়ুয়া রিক, মাহমুদ বিল্লাহ এবং মোহাম্মদ ইয়াসিন আরাফাত জয়ের নাম রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতাই এখনও অর্জন করেননি রিয়াজুল।

Advertisement

একজন মাদ্রাসাশিক্ষার্থীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতা বানিয়ে আদালতে পাঠানোর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবারে সদস্য, মাদ্রাসার শিক্ষক এবং তার সহপাঠীরা।

হাসপাতাল থেকে ফেরার পথে আটক

আরো পড়ুন

রিয়াজুলের বড় ভাই আব্দুর রহমান সিরাজী এশিয়া পোস্টকে জানান, গত ১৮ নভেম্বর সকালে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান রিয়াজুল। চিকিৎসা শেষে ফেরার পথে তারা রমনা পার্কে কিছুক্ষণ অবস্থান করে কয়েকটি ছবি তোলেন ও একটি গজলের ভিডিওচিত্র ধারণ করেন। পরবর্তীতে দুপুরের দিকে বাসে উঠে বাসায় ফেরার পথে গুলিস্তান পার্ক পুলিশ বক্সের সামনে বাস থামিয়ে পুলিশ তাদের নিচে নামায়। এরপর পুলিশ বক্সে নিয়ে তাদের মোবাইল তল্লাশি করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য না পেলেও ফেসবুকে সংরক্ষিত আলোচিত ‘শেখ হাসিনা পালাইছে’ শিরোনামের গান ও ইসলামিক গজল শুনতে পেয়ে তাদের আটকে রাখা হয়। দুপুরে খাবার খাওয়ানোর পর বিকেলে তাদের পল্টন মডেল থানায় নেওয়া হয়।

শিক্ষকদের অনুরোধ সত্ত্বেও মিথ্যা মামলায় চালান

মামলার এজাহার অনুযায়ী, পুলিশের দাবি, রিয়াজুল ও তার সহযোগীরা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করা, রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত ও ক্ষতিসাধন এবং মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে গত বছরের নভেম্বরে গুলিস্তান জিরো পয়েন্টের পাশের রাস্তায় সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিলেন। এরপর থেকে তারা পলাতক। পরে গত ১৮ নভেম্বর রাতে গুলিস্তান শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। যেখানে তিনি উপস্থিত থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান, বেআইনি সমাবেশ আয়োজন এবং বড় ধরনের অঘটন ঘটানোর চক্রান্ত করছিলেন।

রিয়াজুলের পরিবার সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর দুপুরে গুলিস্তান পার্কসংলগ্ন ট্রাফিক বক্সের সামনে বাস থেকে নামিয়ে তাকে আটক করা হয়। পরে এক বছর আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার খবর পেয়ে দারুন্নাজাত মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও রিয়াজুলের স্বজনরা পল্টন মডেল থানায় যান। গভীর রাত পর্যন্ত শিক্ষকরা পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে, রিয়াজুল শৈশব থেকেই ছারছীনা দরবারপন্থি পরিবারে লালিত-পালিত এবং তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়। তবে রিয়াজুলের সহপাঠীকে ছেড়ে দেওয়া হলেও শিক্ষকদের অনুরোধ উপেক্ষা করে রিয়াজুলকে গ্রেপ্তার দেখানো হয়।

আব্দুর রহমান সিরাজি বলেন, ‘আমার ছোট ভাই ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করে ও গজল গাইতে ভালোবাসে। আমাদের পরিবার ছারছীনা দরবারপন্থি এবং কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। ১৮ বছর পূর্ণ না হওয়া একজন মাদ্রাসাছাত্রকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বানিয়ে মামলায় জেলে পাঠানো সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন।’

ভুক্তভোগী রিয়াজুলের সহপাঠীরা জানান, রিয়াজুল কখনোই ছাত্রলীগ করেনি, বরং জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি শেখ হাসিনার পালানো নিয়ে গান বানিয়ে গেয়েছিলেন। তাকে ছাত্রলীগ বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘আমরা বারবার বলেছি, তার রাজনৈতিক সংশ্লিষ্ঠতা নেই। তাকে ছেড়ে দেওয়ার অনুরোধও জানিয়েছি। কিন্তু তাকে ছাড়া হয়নি। এমন একটি মামলায় চালান দেবে, তা ধারণাও করিনি।’

এ বিষয়ে কথা বলতে রাজি হননি দারুন্নাজাত মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দিক। তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে কল কেটে দেন।

সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদ

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মাদ্রাসাটির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ডিএসকেএম।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের সময় রিয়াজুল মাদ্রাসার পোশাকে ছিলেন। বারবার নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়সহ একজন সংগীতশিল্পী (জুলাই গণ-অভ্যুত্থান ও দেশপ্রেমসংক্রান্ত গানের রচয়িতা) হিসেবে প্রমাণাদি উপস্থাপন করা সত্ত্বেও পুলিশ কোনো উপযুক্ত যাচাই-বাছাই ছাড়াই তাকে এজাহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের সহ-ধর্মবিষয়ক সম্পাদক বানিয়ে নাশকতার মামলায় জড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে রিয়াজুল ইসলামের অবিলম্বে সম্মানজনক মুক্তি, নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ী সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

যা বলছে পুলিশ

এ বিষয়ে পল্টন মডেল থানার এসআই (নিরস্ত্র) ও মামলাটির তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘পুলিশ সরাসরি ওই মাদ্রাসাশিক্ষার্থীকে আটক বা গ্রেপ্তার করেনি। গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চার-পাঁচজনকে ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। এরপর পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এখানে আনার পর ঊর্ধ্বতনদের নেতৃত্বে আটকদের মোবাইল ফোন, লোকাল থানা এবং তাদের বাড়ির ঠিকানা যাচাই-বাছাই করা হয়। তিনি (রিয়াজুল) আলিমপড়ুয়া মাদ্রাসাছাত্র হওয়া সত্ত্বেও গুলিস্তানের ওই স্থানে তার উপস্থিতি এবং তার ব্যবহৃত মোবাইলে রাজনীতিসংক্রান্ত তথ্যাদি পাওয়ার পর যাচাই প্রক্রিয়া চালানো হয়। ওই সময় মাদ্রাসার শিক্ষকরাও থানায় এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘সার্বিক তথ্য পর্যালোচনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিশ্চিত হওয়া যায় যে, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিইনি। রাজনৈতিক মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রিয়াজুলকে রাজনৈতিক মামলায় ছাত্রলীগের কর্মী দেখিয়ে আদালতে পাঠিয়েছি।’

এ বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, ‘পুলিশের সাধারণ নির্দেশনায় রয়েছে, কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করা। কেবল ছাত্রলীগ করলেই চলবে না; যদি কোনো ব্যক্তি সক্রিয়ভাবে কোনো অপরাধে সম্পৃক্ত থাকে, তবেই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি এ ধরনের কোনো অসংগতি হয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’

source: Asia Post

Back to top button