ইন্দোনেশিয়ায় সোনার খনিতে আটকা পড়া ১৩ শ্রমিকের মৃত্যু, এখনো নিখোঁজ ১৩

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ সোনার খনিতে বন্যার পানি ঢুকে আটকা পড়ে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানান। এদিকে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধারকর্মীদের পানির উচ্চতা, অন্ধকার এবং খনির ভেতরের সরু ও পিচ্ছিল পথের মতো নানা প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার খনিতে শ্রমিক আটকে পড়ার খবর প্রথম পায় তারা। খনিতে বন্যার পানি প্রবেশের প্রায় ১৬ ঘণ্টা পর এ খবর আসে। পরে বুধবার মধ্যরাতের কিছুক্ষণ পর রাষ্ট্রায়ত্ত খনন কোম্পানি পিটি আনতাম আনুষ্ঠানিকভাবে জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থাকে বিষয়টি জানায়। এরপর পুরোদমে উদ্ধার অভিযান শুরু হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটি অবৈধভাবে পরিচালিত হওয়ায় শুরুতে দুর্ঘটনার খবর তাদের জানানো হয়নি। প্রথম দিকে স্থানীয় খনিশ্রমিক ও বাসিন্দারা পাম্পের সাহায্যে নিজেরাই খনি থেকে পানি সরানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরে উদ্ধারকর্মীদের সহায়তা নেওয়া হয়।
-7b53d7.jpg)
দেশিয়ানা জানান, উদ্ধার অভিযানে ৩২৫ জন কর্মী অংশ নিচ্ছেন। তবে খনির ভেতরের পরিবেশ অত্যন্ত প্রতিকূল। সুড়ঙ্গগুলো প্রায় ১০০ মিটার গভীর ও সরু। সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এর ওপর পথগুলো পিচ্ছিল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, ‘সুড়ঙ্গের গভীরতা, সরু প্রবেশপথ এবং সীমিত আলোর বিষয়গুলো বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযানের কৌশল নির্ধারণ করতে হচ্ছে, যাতে উদ্ধারকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।’
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় রেখেই সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান জানান, সোমবার খনির সুড়ঙ্গগুলোতে পানি ঢোকার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
খনিটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগর এলাকার পাহাড়ি অঞ্চলের পংকর এলাকায় অবস্থিত। সেখানে রাষ্ট্রায়ত্ত খনন কোম্পানি আনতাম সোনার খনি পরিচালনা করে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় অনুমতি ছাড়া ছোট পরিসরে খননকাজের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির খনিজ সম্পদের অনেকগুলোই দুর্গম এলাকায় অবস্থিত। এসব এলাকায় খনন কার্যক্রম নিয়ন্ত্রণ করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে।
source: Rajneete







