বিনা খরচে মালয়েশিয়ার ১১২ কর্মীর প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ কর্মী নিয়ে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সূত্রে জানা গেছে, সম্পূর্ণ বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছেন, তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।
এর আগে লটারির মাধ্যমে এসব কর্মী বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু দুদিনের সাক্ষাৎকারে নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে কিছু সংখ্যক কর্মী অনুপস্থিত থাকেন। এ কারণে আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরও ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল, কিন্তু ১০১টি এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগেও ২০০৮-২০১২, ২০১৯-২০২২ এবং ২০১৬-২০১৮ সালেও একই সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে বাজার বারবার বন্ধ হয়েছিল।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।
source: Asia Post








