২৭ বছর পর মুক্তি, ২ বছরের মাথায় ফের কারাগারে সুইডেন আসলাম

নব্বইয়ের দশকে রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় আধিপত্য বিস্তার, খুন, নির্যাতন চাঁদাবাজিসহ নানা অভিযোগে খবরের নিয়মিত শিরোনাম ছিলেন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার সব মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। কথিত আছে কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণে ভূমিকা রাখতেন আসলাম।
দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। প্রায় দুই বছর বাইরে থাকার পর আবারও গ্রেপ্তার হলেন এই আলোচিত সমালোচিত ব্যক্তি। রোববার (২২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। তবে গোয়েন্দাদের ধারণা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে তার মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
ডিবি কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
শেখ আসলাম যেভাবে ‘সুইডেন’ আসলাম
শেখ মোহাম্মদ আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন। সেখান থেকে দেশে ফেরার পর অপরাধজগতে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
পরবর্তী সময়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে কীভাবে এবং কোন সময়ে তার নামের আগে এই পরিচিতি স্থায়ী হয়, তা জানা যায়নি।
অপরাধজগতে উত্থান
সুইডেন আসলামদের আদি বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়, থেকে এসএসসি পাস করেন তিনি।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর অপরাধজগতে তার উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার, ইন্দিরা রোড ও ফার্মগেট এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। তৎকালীন সময়ে এসব এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত একাধিক সন্ত্রাসী গ্রুপ।
১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন আসলাম। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অপরাধজগতে তার নাম ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা-পাল্টা হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত।
একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই হত্যাকাণ্ডে পিচ্চি হান্নান জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
এরপর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বিস্তৃত হয়। এসব এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় পিচ্চি হান্নান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তবে তার পেছনে আসলামের প্রভাব ও নির্দেশনা কাজ করত বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার এবং জেল জীবন
যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। ওই বছরের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে খুন হন গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন।
দীর্ঘদিন নজরদারি ও অভিযান চালানোর পর আসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত অভিযোগেও মামলা ছিল। অস্ত্র আইনের মামলায় তার ১৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল বলে জানা যায়।
জেলে থাকলেও নিয়ন্ত্রণ হারাননি অপরাধজগতের
গ্রেপ্তারের পর দীর্ঘ সময় কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে কারাগারে বসেই বিভিন্ন এলাকায় প্রভাব ধরে রাখতেন তিনি এমন তথ্য বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তমালিক, গার্মেন্টস ব্যবসায়ী ও জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে তার কাছে পৌঁছাত বলে বিভিন্ন সূত্রের দাবি।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয় বলে জানা যায়।
২৭ বছর পর মুক্তি, ফের কারাগারের চার দেয়াল
৩৫ বছর বয়সে জেলে ঢুকে জামিনে মুক্ত হওয়ার সময় তার বয়স হয়ে যায় ৬২ বছর। ততদিনে কেটে ২৭ বছর। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। ওই দিন রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
কারামুক্তির পরও তাকে ঘিরে অপরাধজগতের নানা আলোচনা চলতে থাকে। কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধের ঘটনায় তার নাম উঠে আসার কথাও গণমাধ্যমে প্রকাশিত হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের পর অপরাধজগতের বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসে। তবে এসব ঘটনায় তার সম্পৃক্ততা অভিযোগের পর্যায়ে রয়েছে।
এবার দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হলো। ডিবি কর্মকর্তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পাসপোর্ট ব্লক থাকলেও তিনি কোন ভরসায়, কাদের সহায়তা কিংবা আশ্বাসে দেশ ছাড়ার জন্য এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
source: Asia Post








