বেড়ায় বিএনপি নেতা মঈন উদ্দীনকে বহিষ্কার, তৃণমূলে ক্ষোভ

পাবনার বেড়ায় বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজার বহিষ্কারের সিদ্ধান্ত। দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে পাবনা জেলা বিএনপি। তবে হঠাৎ তাকে বহিষ্কারে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে জেলা বিএনপির প্যাডে এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদন সাপেক্ষে জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঈন উদ্দীন খাজার অনুসারীদের দাবি, গত ১৮ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ব্যাপক সক্রিয় ছিলেন এবং ভূমিকা পালন করেছেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তিনি বিএনপির একজন ত্যাগী নেতা। দলের তার অনেক অবদান রয়েছে। দুঃসময়ের লোক তিনি।
তারা বলেন, দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় থাকা একজন নেতার বিরুদ্ধে হঠাৎ বহিষ্কার কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। গত কয়েক দিন তিনি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলতে নেতৃত্ব দিয়েছেন। দ্রুত বহিষ্কার প্রত্যাহার করা হোক। না না হলে বহিষ্কারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
বহিষ্কারের বিষয়ে মঈন উদ্দীন খাজা এশিয়া পোস্টকে বলেন, ‘গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন যেন করতে না পারে, সেই লক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছিলাম। প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করেছি। ১৮, ১৯ ও ২০ নভেম্বর পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বেড়ায় আসেননি। ২১ নভেম্বর তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে বেড়া উপজেলায় আসেন। কেন এর আগে বেড়ার আন্দোলন ঠেকাতে তাদের ভূমিকা ছিল না, এ বিষয়ে প্রতিবাদ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল করি। জীবনের একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বিএনপি করব। আমি কারও পৈতৃক দল করি না, কোনো এমপির দলও করি না। আমি তারেক রহমানের দল করি, মরহুম বেগম খালেদা জিয়ার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আজীবন বিএনপি করে যাব, ইনশাআল্লাহ।’
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এশিয়া পোস্টকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওখানে তো লেখাই রয়েছে কী কারণে বহিষ্কার করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই।’
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত তিন দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শনিবার বেলা ১১টা থেকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যার পর থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত অবস্থায় জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে ঘটনাস্থল এলাকাগুলোয় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
source: Asia Post








