News

লাওসে সাইবার স্ক্যামের অভিযোগে ১৩ বাংলাদেশি আটক, শ্রমবাজার নিয়ে উদ্ধেগ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে সাইবার স্ক্যাম ও অনলাইন জুয়া পরিচালনার সন্দেহে ১৩ বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে পরিচালিত পৃথক অভিযানে মোট ৪১ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লাওসের সংবাদমাধ্যম দ্য লাওটিয়ান টাইমসের গত ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের একটি বিশেষ টাস্কফোর্স রাজধানীর তিনটি পৃথক এলাকায় ভাড়া বাসায় অভিযান চালায়। এসব অভিযানে ১৬ জন জাপানি, ১৩ জন বাংলাদেশি, ১১ জন থাই এবং একজন লাওসের নাগরিককে আটক করা হয়। অভিযানে ৮৭টি মোবাইল ফোন, ৩২টি ডেস্কটপ কম্পিউটার ও চারটি ট্যাবলেট জব্দ করা হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর রাতে সায়সেথা জেলার হং সউফাপ গ্রামে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্দেহভাজন সাইবার অপরাধ পরিচালনায় সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ।

আটকরা নিজেরা অপরাধে জড়িত ছিলেন, নাকি প্রতারণার মাধ্যমে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক সাইবার অপরাধে নিয়োজিত করা হয়েছিলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা এবং তাদের প্রত্যেকের প্রকৃত পরিস্থিতি যাচাই করা জরুরি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আটকের এ ঘটনা শুধু ১৩ বাংলাদেশি নাগরিকের আটকের খবর নয়, এটি বাংলাদেশের শ্রম অভিবাসন ব্যবস্থাপনা ও বিদেশে কর্মীদের নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ ও ২০২৬ সালের ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) রিপোর্ট উভয় প্রতিবেদনেই লাওসকে টিআইআর-৩-এ রাখা হয়েছে। এটি মানবপাচার প্রতিরোধে ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ দেশগুলোর জন্য নির্ধারিত সর্বনিম্ন স্তর।

বিশেষ করে লাওসের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে অনলাইন স্ক্যাম, জোরপূর্বক শ্রম এবং প্রতারণার মাধ্যমে বিদেশি নাগরিকদের নিয়ে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করার বিষয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ রয়েছে।

অথচ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৩২ জন কর্মী লাওসে গেছেন।

প্রশ্ন হচ্ছে, পরপর দুই বছর যুক্তরাষ্ট্রের টিআইপি রিপোর্টে টিআইআর-৩-এ থাকা একটি দেশে হাজার হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ঝুঁকি মূল্যায়ন করেছে? আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে উঠে আসা মানবপাচার ও জোরপূর্বক অপরাধে নিয়োজিত করার আশঙ্কা কি কর্মী পাঠানোর আগে বিবেচনায় নেওয়া হয়েছিল?

উদ্বেগের আরেকটি বিষয় হলো, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করে। এতে বাংলাদেশি নাগরিকদের নতুন শ্রমিক নিয়োগ, শ্রম আমদানি পরিকল্পনা এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখার কথা বলা হয়।

এ সিদ্ধান্তের পরও বাংলাদেশ থেকে কর্মী পাঠানো, ভিসা অনুমোদন এবং অভিবাসন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কি লাওসের এ সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের টিআইপি রিপোর্টে উঠে আসা ঝুঁকিগুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিল? নতুন নিয়োগ, পূর্ববর্তী ভিসা এবং প্রকৃত কর্মস্থল যাচাইয়ের ক্ষেত্রে কী ধরনের নির্দেশনা অনুসরণ করা হয়েছিল?

এসব প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া জরুরি। কারণ শ্রম অভিবাসনের ক্ষেত্রে শুধু ভিসা ও ছাড়পত্র থাকলেই একজন কর্মীর নিরাপত্তা নিশ্চিত হয় না। তার প্রকৃত নিয়োগকর্তা, কাজের ধরণ, কর্মস্থল এবং কাজের পরিবেশ যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ।

বিদেশে সাইবার স্ক্যাম বা অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়ে আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পাওয়া প্রয়োজন। তাদের সবাইকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যেমন ঠিক হবে না, তেমনি পর্যাপ্ত তথ্য ছাড়া সবাইকে মানবপাচারের শিকার বলাও সমীচীন নয়।

প্রতিটি ব্যক্তির বিদেশে যাওয়ার প্রক্রিয়া, নিয়োগের প্রতিশ্রুতি, কাজের ধরন, বেতন, পাসপোর্ট ও চলাচলের স্বাধীনতা এবং কোনো ধরনের ভয়ভীতি, প্রতারণা বা জবরদস্তির শিকার হয়েছেন কি না, তা যাচাই করা প্রয়োজন।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ দ্রুত লাওসে আটক ১৩ বাংলাদেশির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করা এবং তাদের প্রত্যেকের অবস্থা ও অভিযোগের প্রকৃতি যাচাই করা। প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা, নিরাপত্তা এবং নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।

একই সঙ্গে ২০২৫ সাল থেকে লাওসে যাওয়া বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়া, কর্মস্থল, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সম্ভাব্য প্রতারণার অভিযোগ পর্যালোচনা করা প্রয়োজন। লাওসসহ মানবপাচারের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোতে কর্মী পাঠানোর ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক যাচাই-বাছাই আরও শক্তিশালী করতে হবে।

বিদেশে কর্মী পাঠানো শুধু জনশক্তি রপ্তানি বা রেমিট্যান্স অর্জনের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ। আন্তর্জাতিক সতর্কবার্তা এবং সংশ্লিষ্ট দেশের সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে অভিবাসন কার্যক্রম পরিচালিত হলে তার দায় শেষ পর্যন্ত কর্মীদেরই বহন করতে হয়।

অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন মনে করে, আন্তর্জাতিক মানবপাচারের ঝুঁকি এবং বিদেশে জোরপূর্বক অপরাধে নিয়োজিত হওয়ার বিষয়গুলো শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। আটক বাংলাদেশিদের প্রকৃত পরিস্থিতি যাচাই করে কেউ মানবপাচারের শিকার হয়ে থাকলে তাকে প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা দিতে হবে।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আটক ১৩ বাংলাদেশির বিষয়ে স্বচ্ছ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ নিশ্চিত করা।

source: Asia Post

Back to top button