‘নূহ আঃ এর নৌকা’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নূহ (আঃ)-এর সেই ঐতিহাসিক নৌকা!’ দাবি করে বেশকিছু ভিডিও প্রচার করা হচ্ছে। যেখানে একটি প্রকান্ড নৌকা লরিতে পরিবহন করা হচ্ছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে প্রচারিত ভিডিওটির সত্যতা পায়নি, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভিডিও পোস্ট করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, নূহ (আঃ) বা নোয়াহ ছিলেন একজন নবী, যাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন মানবজাতির পথপ্রদর্শক হিসেবে। সৃষ্টিকর্তার নির্দেশে নূহ (আঃ) এমন একটি নৌকা বানিয়েছিলেন। মহাপ্লাবনের সময় সেটিতে আশ্রয় দিয়ে মানুষ ও পৃথিবীর অন্যান্য প্রাণিকূলের অস্তিত্ব রক্ষা করেছিলেন তিনি।
দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায় গত কয়েক দিনে নূহ (আঃ) এর ঐতিহাসিক সেই নৌকার দৃশ্য দাবি করে শত শত পোস্ট করা হয়েছে। ছবি এবং ভিডিওসহ এসব পোস্টে শত শত নেটিজেনকে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়, যেখানে বেশিরভাগই কন্টেন্টগুলো সত্যি হিসেবে বিশ্বাস করতে দেখা যায়।
তবে এ সম্পর্কিত পোস্ট গুলোতে থাকা একাধিক ভিডিও আমরা এআইসৃষ্ট কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করি। এরমধ্যে হাইভ ডিটেক্ট এবং আনকভএআই ভিডিওটির ৯০-৯৯ শতাংশের বেশি এআই হিসেবে চিহ্নিত করেছে।
অন্যদিকে প্রচারিত ভিডিওটিতে যে অডিওটি সংযুক্ত করা হয়েছে তা শতভাগ মানবসৃষ্ট হিসেবে চিহ্নিত করেছে আনকভ এআই। নূহ (আঃ) নৌকা সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমনের ইউটিউব চ্যানেলে ‘নূহ (আ.)-এর সেই নৌকার ধ্বংসাবশেষ দেখলাম নিজ চোখে!’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ১৭ মিনিট ২৫ সেকেন্ডের সময় কন্টেন্ট ক্রিয়েটর বলেন, “নূহ (আঃ) এর নৌকা দেখছি, দেখছি বারবার ভাবছি, নিজেই নিজেকে প্রশ্ন করছি সত্যি কি এটা নূহ (আঃ) এর নৌকা?” প্রচারিত ভিডিওটিতে কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমনের ভিডিওর এই অডিওটি ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নূহ (আঃ)-এর সেই ঐতিহাসিক নৌকা!’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই এর সহায়তায় তৈরি। এবং এতে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর আংশিক অডিও ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
source: Asia Post







