News

২৫ জেলায় সহিংসতার ছক, রেল-লঞ্চ ও সড়ক যোগাযোগ অচলের আশঙ্কা

কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এই কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা পরিকল্পনা করছে বলে পুলিশ বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, দেশের অন্তত ২৫টি জেলায় গোপালগঞ্জের ১৫ নভেম্বরের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে। একই সঙ্গে সারা দেশের রেল, নৌ ও সড়ক যোগাযোগব্যবস্থা বিঘ্নিত কিংবা বিচ্ছিন্ন করার পরিকল্পনার রয়েছে। কয়েকটি জেলায় ঘোষিত কর্মসূচির আগের দিন থেকে গোপালগঞ্জ জেলার সহিংসতা পরিস্থিতি তৈরি কথাও জানা গেছে।

Advertisement

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মসূচি চলাকালে বিভিন্ন জেলার নেতাকর্মীরা অস্ত্রের মহড়া দিতে পারেন। কর্মসূচিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং দলীয় সক্ষমতা জানান দিতে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বরের কর্মসূচি মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নেওয়া দলীয় পরিকল্পনার অংশ। এই কর্মসূচি সফল করে নিজেদের সাংগঠনিক সক্ষমতা জানান দিতে বদ্ধপরিকর দলটির কেন্দ্রীয় নেতারা।

এ উপলক্ষে দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক করেছেন। বিশেষ করে ভারতের কলকাতায় গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে ঢাকা গোয়েন্দা সংস্থাগুলো তথ্য পেয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ১৯ নভেম্বরের কী ধরনের কর্মসূচি পালন করা হবে এবং কোথায় কী ধরনের সহিংসতা ঘটানো হতে পারে, তার একটি রূপরেখা হিসেবে গোপালগঞ্জের পরিস্থিতিকে সামনে রাখা হয়েছে।

তার মতে, গোপালগঞ্জের নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচি পালনের মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের কাছে একটি বার্তা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন কর্মসূচি সফল করতে অন্যান্য জেলার নেতাদের ওপরও চাপ তৈরি করা হচ্ছে।

ওই গোয়েন্দা কর্মকর্তার ভাষ্যমতে, সারা দেশে এই কর্মসূচি সফল করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে ২৫টি জেলায় গোপালগঞ্জের মতো সহিংস পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। এসব এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় নেতাদের উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজারকে। জেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা কলকাতা ও দিল্লিতে অবস্থানরত নেতাদের সঙ্গে আলোচনা করে ১৯ নভেম্বর জেলার নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজনৈতিক বার্তা দিতে চান। শুধু তা-ই নয়, চট্টগ্রাম থেকে কক্সবাজারের যোগাযোগব্যবস্থা এক দিনের জন্য বিচ্ছিন্ন করার পরিকল্পনার কথাও জানা গেছে।

সম্ভাব্য কর্মসূচি ও পরিস্থিতি সম্পর্কে একাধিক জেলার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ১৯ নভেম্বরের কর্মসূচিকে একধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সেদিন গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের পাশাপাশি আরও ২৫টি জেলায় সহিংস পরিস্থিতি তৈরির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্ভাব্য সহিংসতাপ্রবণ জেলার তালিকায় রয়েছে, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম জেলা ও মহানগর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পিরোজপুর, বাগেরহাট, খুলনার মোংলা অঞ্চল ও খুলনা সদর, বরিশাল এবং ফরিদপুর।

আগামী ১৯ নভেম্বর লকডাউন উপলক্ষে নিরাপত্তার পরিকল্পনায় কোনো কমতি থাকবে না উল্লেখ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি জনাব মো. আশিক সাঈদ এশিয়া পোস্টকে বলেন, শুধু লকডাউন না, সব সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুলিশ দায়িত্ব পালন করছে। যেকোনো পরিস্থিতিতে পুলিশ নিজের দায়িত্ব পালন করে।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, গাজীপুরের কোন এলাকায় কে নাশকতা ও সহিংসতা সৃষ্টি করতে পারে, এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে নিরাপত্তার ছক তৈরি করা হয়েছে। ইতোমধ্যে প্রকাশ্যে ও গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে। কর্মসূচি পালন করতে সম্ভাব্য নাশকতার নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

বিশেষ সূত্রের দাবি, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে তিন জেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ সড়কসংযোগ এলাকায় অবস্থান নেওয়ার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। একই সঙ্গে বিভিন্ন জেলার নেতাকর্মীরা কর্মসূচি পালনের সময় অস্ত্রের মহড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে জামায়াত ও এনসিপির নেতারা যেসব হুমকিমূলক বক্তব্য দিয়েছেন, তার পাল্টা জবাব হিসেবেও অস্ত্র প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোয় চায়নিজ রাইফেল, শর্টগানসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র মজুতের তথ্য পাওয়া গেছে।

খুলনাকেন্দ্রিক একটি সূত্র জানায়, সীমান্তবর্তী জেলাগুলোতে পুরোনো দলীয় কোন্দল মিটিয়ে ১৯ নভেম্বরের কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের এক শীর্ষ নেতা। তিনি বর্তমানে কলকাতায় অবস্থান করে দেশের বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে অস্ত্রের মহড়া দেওয়ার বিষয়েও পরামর্শ দিয়েছেন বলে একটা বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ওই নেতার যোগাযোগের মাধ্যমে কয়েক দফায় অস্ত্র সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে। সূত্রের দাবি, ১৯ নভেম্বরের কর্মসূচিতে এসব অস্ত্র শুধু প্রদর্শনের জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তবে ডিসেম্বরে বিশেষ একটি কর্মসূচিকে কেন্দ্র করে অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রটি আরও দাবি করেছে, সীমান্তবর্তী ওই জেলাগুলোয় তিন শতাধিক ভারী অস্ত্র মজুতের তথ্য রয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে সরাসরি সংঘর্ষে জড়ানোর পাশাপাশি সম্মুখযুদ্ধের মতো পরিস্থিতি তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চলছে।

এদিকে ঢাকার গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা এশিয়া পোস্টকে জানান, ১৯ নভেম্বরের কর্মসূচি সামনে রেখে দলটির নেতাকর্মীরা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।

ওই কর্মকর্তার ভাষ্যমতে, কর্মসূচি চলাকালে গাজীপুরের শ্রীপুর, টঙ্গী, চট্টগ্রাম রোড, সাভারের আরিচা মহাসড়ক ও নারায়ণগঞ্জ এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া চাঁদপুরসহ দেশের বিভিন্ন নদীপথে লঞ্চ চলাচল বন্ধ করার চেষ্টাও করা হতে পারে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, প্রতিনিয়ত আমাদের টহল পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম রাজধানীতে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচির বিষয় মাথায় রেখে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করা হয়েছে। সাদাপোশাকে ও থানার পুলিশের সমন্বয় দিন ও রাতে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ চলছে বলেও জানান ডিবি প্রধান।

আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্রের দাবি, ১৯ নভেম্বরের কর্মসূচির মাধ্যমে বিএনপি সরকারকে এমন একটি রাজনৈতিক বার্তা দিতে চায় দলটি, যা সরকার কল্পনাও করতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

সূত্রটির আরও দাবি, ১৯ নভেম্বরের কর্মসূচির আগের দিন থেকেই দুই-তিনটি জেলায় গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মূল কর্মসূচির আগেই দেশজুড়ে উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে।

source: Asia Post

Back to top button