News

মজুরি বোর্ডের সভা যে কারণে স্থগিত

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সভাটি শুরু হওয়ার কথা ছিল।

সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে সভা স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে জানান, বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ছাড়া সভা করা ঠিক হবে না বলে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সভার তারিখ দ্রুত জানানো হবে।

আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

আরো পড়ুন

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন অব্যাহত রয়েছে। এর জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভও শুরু করেন।

শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সেই হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরিকাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

মজুরি বৃদ্ধির দাবিতে গত মাসে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। গত বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তখন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। ওই বছরের ১২ নভেম্বর এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হয়।

source: Asia Post

Back to top button