News

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেন বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ নভেম্বর) জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ডা. ইসমাইল সংগঠনের সঙ্গেই ছিলেন। সম্প্রতি জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মত গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এ অভিযোগে সংগঠন তাকে বহিষ্কার করেছে।

এ ছাড়াও জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো প্রকার চলাচল না করতে এবং উক্ত সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে ডা. ইসমাইল হোসেন জানান, আমি কখনো জামায়াতের কর্মী ছিলাম না। তবে শুভাকাঙ্ক্ষী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান তিনি।

এর আগে, গত ১২ নভেম্বর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত নোটিশে ডা. ইসমাইলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে দিতে বলা হয়।

source: Asia Post

Back to top button