News

শাহজালালে চীনগামী যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৬ লাখ টাকার ওষুধ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় ব্যাগ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, কাস্টমসের ছাড়পত্র ছাড়াই এসব ওষুধ বিদেশে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

পরবর্তীতে সন্ধ্যায় বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, বিমানবন্দরের আরএডব্লিউ-সি এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়নের ২৭ বিএন-এর সিপাহি মো. রাজেকুল ইসলাম (২৭)। এ সময় ব্যাগটির বিষয়ে সন্দেহ হলে তিনি এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে তল্লাশি চালান। পরে ব্যাগ থেকে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের উচ্চমূল্যের ওষুধ পাওয়া যায়।

নাজমুস সাকিব জানান, বিষয়টি এভসেক-২০ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ করে কাস্টমসকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। পরে এভসেকের নির্দেশনায় ঘটনাস্থলে যান এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম।

শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানোর পর তার উপস্থিতিতে জব্দ করা ওষুধগুলো এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরের নিরাপত্তা ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সদস্যদের তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।

source: Asia Post

Back to top button