স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে (৩৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজনসহ দলীয় নেতাকর্মীরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে মহাসড়ক ছাড়ে বিক্ষোভকারী। এর এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের দীঘারকান্দা এলাকায় ঢাকা বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করা হয়।
জানা গেছে, এ সময় গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার ঘটনায় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জনভোগান্তির বিষয়টি বুঝালে ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান। রাত একটার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরার পর স্বাভাবিক হয় যান চলাচল।
বিক্ষোভে অংশ নেওয়া ফরিদ আহমেদ নামের একজন বলেন, কয়েকদিনের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। নয়তো মহাসড়কে নেমে লাগাতার আন্দোলন করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় সুরুজ জামান তার শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিল। পথে সন্ধ্যা সাতটার দিকে মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন রাস্তা পর্যন্ত আসতেই মেহেদী হাসানসহ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থি একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেনের দাবি, তার চাচাতো ভাইকে ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে ছুরিকাঘাতে হত্যা করেছেন। ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়। ফ্যাসিস্টরা গ্রেপ্তার না হওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে চেষ্টা করেও ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, ‘ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়। ফ্যাসিস্টরা গ্রেপ্তার না হওয়ায় এই হত্যা। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুলিশের একাধিক টিম হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।
নিহত মো. সুরুজ জামান নগরের মধ্য বারেরা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। সুরুজ জামান প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।
source: Asia Post







