News

কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহ শেষ হলেও কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষণা আসেনি বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

রোববার (১৫ নভেম্বর) এ দাবিতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র‍্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন ও প্রাণ যৌথভাবে এর আয়োজন করে।

নৌকা বাইচের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনকে ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি।

বক্তারা বলেন, খাদ্য ও কৃষি খাত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে বেশি অর্থায়নের প্রয়োজনীয়তা থাকা খাতগুলোর একটি। এফএও ও ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের মোট অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। অথচ অভিযোজন তহবিলের মাত্র ২০ শতাংশ এ খাতে বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে, জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

সমাবেশ থেকে কপ৩১-এর ২০ নভেম্বরের চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট অঙ্ক নির্ধারণের দাবি জানানো হয়। একই সঙ্গে কৃষি ও খাদ্যব্যবস্থার অভিযোজন চাহিদার অনুপাতে অর্থ বরাদ্দ এবং সেই অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী পর্যায়ে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, সৌর সেচব্যবস্থা, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে থাকতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা।

এ ছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আইএসডিইর কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, আলকরণের মোহাম্মদ মোস্তফা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের মামুনুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা এবং আবদুল মান্নান জিহাদসহ অন্যরা।

source: Asia Post

Back to top button