News

প্রধানমন্ত্রীর নির্দেশে ১ হাজার জুলাই যোদ্ধাকে বিনামূল্যে মালয়েশিয়া পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জুলাই আন্দোলনের ১ হাজার যোদ্ধাকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, মালয়েশিয়ায় গমনেচ্ছু মোট ১০ হাজার কর্মীর মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ববরণকারী ও গুমের শিকার পরিবারের মধ্য থেকে ১ হাজার জনকে বিনামূল্যে পাঠানো হবে।

প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে আতিকুর রহমান মোজাহিদ জানতে চান, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে ৭-৮ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, এ বিষয়েও জানতে চাই।

জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সোমবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আর আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

source: Asia Post

Back to top button