কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরের কল্যাণপুরে খাজা মার্কেটের সামনে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ট্রাফিক মিরপুর জোনের ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে আকস্মিকভাবে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে উপস্থিত জনতার সহায়তায় জাহাঙ্গীরকে হাতেনাতে গ্রেপ্তার করে ট্রাফিক পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
source: Asia Post







