News

সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ তুলে স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ ঘোষণা

সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা আকাশ খান। একই সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক পদ থেকেও পদত্যাগের কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করা এক ভিডিও বার্তায় বিএনপির রাজনীতির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি।

আকাশ খান শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সহসভাপতি।

ভিডিও বার্তায় আকাশ খান বলেন, শৈশব থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এ কারণে বিভিন্ন সময়ে অত্যাচার ও নির্যাতনের শিকারও হয়েছেন। দলের আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসের প্রতি আস্থা রেখেই দীর্ঘদিন রাজনীতি করেছেন তিনি।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন আকাশ খান। তার অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সুবিধাবাদী ও ‘হাইব্রিড’ নেতাকর্মীদের অনুপ্রবেশ ঘটেছে। বিশেষ করে জয়নগর ইউনিয়নে দলের দুঃসময়ে যাঁদের রাজপথে দেখা যায়নি, তাদের অনেকেই এখন বিএনপির পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও তুলে ধরে আকাশ খান বলেন, যে প্রত্যাশা ও আদর্শ নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে তা আর মেলাতে পারছেন না। নিজের নীতি, আদর্শ ও ব্যক্তিগত সততা অক্ষুণ্ন রাখতেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে তিনি দাবি করেন, কারও হুমকি, চাপ কিংবা প্ররোচনায় নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছা ও বিবেকের তাড়নায় তিনি বিএনপির রাজনীতি এবং স্বেচ্ছাসেবক দলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

তবে তার পদত্যাগের বিষয়ে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর বলেন, আকাশ খানের পদত্যাগের বিষয়ে আমি অবগত নই। সে যদি পদত্যাগ করে থাকে, তাহলে সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়।

ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেওয়ার বিষয়টি জানালে তিনি বলেন, ভিডিওটি ফেকও হতে পারে। এখন পর্যন্ত তার কোনো পদত্যাগপত্র আমার কাছে জমা পড়েনি।

source: Asia Post

Back to top button