News

ডেঙ্গুতে এক দিনে আরও ৩ জনের মৃত্যু

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুসংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৬০ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে নতুন করে ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময় চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৮১ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

source: Asia Post

Back to top button