রাশিয়া-ইউক্রেনের ফের পালটাপালটি হামলা, পুতিনের সঙ্গে বৈঠকে মস্কোয় মার্কিন দূতেরা

শান্তি আলোচনা শেষ হওয়ার এক দিন পর বৃহস্পতিবার ভোরে রাশিয়া ও ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে ফের পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোয় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি। দুই দিনের শান্তি আলোচনা শেষ হলেও যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বার্তা রয়টার্সের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) মস্কোর একটি বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের আলোচক জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে স্বাগত জানান পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। দিনের পরবর্তী সময়ে তাদের রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উইটকফের সঙ্গে করমর্দনের একটি ছবি প্রকাশ করেন দিমিত্রিয়েভ। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘স্টিভ ও জ্যারেডকে মস্কোয় স্বাগত জানাচ্ছি।’ ছবিতে শীতের সকালে একটি উড়োজাহাজের পাশে উইটকফের সঙ্গে তাকে হাত মেলাতে দেখা যায়। পাশে ছিলেন কুশনার।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে দুই দিনের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া এ আলোচনা বুধবার শেষ হয়। প্রায় নয় মাস পর তিন দেশের প্রতিনিধিদের সরাসরি আলোচনায় বসার ঘটনা এটি।
আলোচনায় যুদ্ধবন্দি বিনিময়সহ কয়েকটি বিষয়ে অগ্রগতি হলেও যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভূখণ্ডের নিয়ন্ত্রণ ও যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার আলোচনাকে ‘কঠিন হলেও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এখনো রয়েছে। বিশেষ করে ভূখণ্ড নিয়ে বিরোধ মেটানো সবচেয়ে কঠিন হবে। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা ও পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকের উল্লেখযোগ্য অগ্রগতি বড় আকারের যুদ্ধবন্দি বিনিময়ে দুই পক্ষের সম্মতি। রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানান, এ বিষয়ে সমঝোতা হয়েছে। তবে বিনিময়ের সংখ্যা ও বিস্তারিত শর্ত চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন কুশনার।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় হতে পারে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুই পক্ষের এক হাজার করে বন্দি বিনিময়ের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
তবে শান্তিচুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল। রাশিয়ার দাবি, ইউক্রেনকে এ অঞ্চলের অবশিষ্ট নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডও ছেড়ে দিতে হবে। অন্যদিকে ভূখণ্ড ছাড়তে রাজি নন জেলেনস্কি। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এ বিরোধে সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
আলোচনায় ইউরোপীয় দেশগুলোকেও যুক্ত করার পক্ষে মত দিয়েছেন কুশনার। তার মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনায় ইউরোপের অংশীদারদেরও অংশ নেওয়া উচিত।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের একটি গোলাবারুদের গুদামেও হামলা চালানো হয়েছে।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে স্থানীয় এক কর্মকর্তা টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের রিভনে অঞ্চলে জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে মস্কোর দিকে এগিয়ে আসা পাঁচটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। রাশিয়ার রোস্তভ ও তুলাসহ আরও কয়েকটি অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মস্কো সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আয়ারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা। ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে অংশ নিতে জেলেনস্কিও আয়ারল্যান্ড সফর করবেন।
source: Rajneete







