বিমান ভাড়া যৌক্তিক করার নির্দেশ বেবিচকের

বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসের বিমান ভাড়া পর্যালোচনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইনস এবং এয়ারলাইনস অপারেটিং কমিটির কাছে পাঠানো এক নির্দেশনায় এসব বিষয় জানানো হয়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, কিছু এয়ারলাইনসের উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় পাওয়া যাচ্ছে। এ অবস্থায় প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করা এবং সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, কিছু এয়ারলাইনস তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। এ ধরনের বৈষম্য দূর করে বাংলাদেশ রুটেও উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনা এবং যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
বেবিচক বলেছে, এয়ারলাইনসগুলো অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের স্বাচ্ছন্দ্য ও সেবা দিয়ে থাকে, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেও একই মান বজায় রাখতে হবে। রুটভেদে যাত্রীসেবার মানের বৈষম্য কোনোভাবেই কাম্য নয়।
এ ছাড়া ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কিছু রুটে বিমানভাড়া বেশি হওয়ার বিষয়টিও বেবিচকের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে ভ্রমণের দূরত্ব বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার উদ্যোগ নিতে এয়ারলাইনসগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
source: Asia Post







