পোশাক খাতে অস্থিরতার পেছনে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ আসছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কর্মকাণ্ডে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে পোশাক খাতে অস্থিরতা তৈরিতে সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগও তুলেছেন মন্ত্রী। তবে দলটির নাম প্রকাশ করেননি তিনি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে এসব অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলেন। তার জবাবেই এ বিবৃতি দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বেড়েছে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম। এতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাকশিল্পে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নেওয়া হয়েছে, অন্যদিকে শ্রমিকদের দুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠকের পর নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মজুরি বোর্ড ইতোমধ্যে কয়েকটি বৈঠক করেছে। সব পক্ষের মতামতের ভিত্তিতে খুব শিগ্গিরই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এ উদ্যোগ শ্রমিক ও মালিক-উভয় পক্ষই মেনে নিয়েছে দাবি করে মন্ত্রী বলেন, শ্রমিকেরা কাজে ফিরে গেছেন।
এরপরও একটি মহল নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ওই মহলটি তাদের শ্রমিক সংগঠন ও গোপন সংগঠনের নেতাদের মাধ্যমে সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে শ্রমিকদের উসকানি দিচ্ছে। মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা পোশাক খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ কর্মকাণ্ডে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধেও পোশাক খাতের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই সংগঠনের নেতারা ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে রাজনৈতিক দলটির নাম উল্লেখ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, নাম প্রকাশ করলে সংসদে অনেকেই অসন্তুষ্ট হতে পারেন।
বিরোধী দলের সদস্যরা এ সময় হইচই শুরু করেন। কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সংসদীয় রীতিনীতি অনুসরণ করতে চাই। আপনাদের বক্তব্য থাকলে আমার বক্তব্যের পরে ফ্লোর নিয়ে দয়া করে বলবেন।
এ পরিস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানান। পরে আবার বক্তব্য শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ কারণে তিনি কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি।
তার ভাষ্য, এ বিষয়ে সরকারের কাছে বিভিন্ন তথ্য-প্রমাণ ও নথিপত্র থাকলেও রাজনৈতিক সম্প্রীতির স্বার্থে সেগুলো প্রকাশ করা হচ্ছে না। তবে দেশবাসী তাদের চেনেন। এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ করলেই বক্তব্য ও তথ্য পাওয়া যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
source: Asia Post







