News

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগে বিএনপির সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এসব অভিযোগ তোলেন।

এসময় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কয়েক দফা হট্টগোলের মধ্যে বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। সরকারি দলের সদস্যরাও হইচই করেন।

প্রশ্নোত্তর পর্বের শুরুতে গাইবান্ধা-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ সরকারের বিভিন্ন কৃষি কর্মসূচির তথ্য তুলে ধরেন। পরে সম্পূরক প্রশ্নের সুযোগ পেয়ে হাসনাত সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন।

প্রশ্ন করতে গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি শিরোনাম পড়ে শোনান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ সারের ডিলারের ২৮ জন বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছে নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগনি। কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারা হয়েছে। এক এমপির সন্তান কর্তৃক। সেই সন্তানও সারের ডিলার পেয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ তোলেন হাসনাত। তিনি বলেন, দেশব্যাপী সারের ডিলার নিয়োগ নিয়ে মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন।

হাসনাত দাবি করেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধীদলীয় আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। অথচ বর্তমানে বিএনপি সরকার নিজেই এমন ব্যবস্থা করেছে।

ডিলার নিয়োগে আওয়ামী লীগের আমলের ব্যবসায়ীদের আবার সুযোগ দেওয়ার মত শর্ত মন্ত্রণালয় পরিকল্পিতভাবে রেখেছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। সারের ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না, তা জানতে চান হাসনাত।

তিনি বলেন, আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগ্না ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।

এ প্রশ্নের জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, উনি (হাসনাত) সারের ডিলার নিয়োগকে উৎসব হিসেবে উল্লেখ করেছেন। সরকারও চায় ডিলার নিয়োগ উৎসবের মত হোক। উৎসবকে আমি ভাল অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন তাহলে ভিন্ন।

কৃষিমন্ত্রীর এই বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। একপর্যায়ে কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। অন্য সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তার জবাব দিতে অসুবিধা হয়। আমার জবাব যদি অপছন্দ হয় আরেকটা প্রশ্ন করব। আরেকটা জবাব দেব। অসুবিধা নাই।

তিনি বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী আবেদন আহ্বান করা হয়। আবেদনগুলো প্রথমে স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটিও যাচাই-বাছাইয়ে অংশ নেয়। উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে বলেও তথ্য দেন মন্ত্রী।

বিরোধী দলের সদস্যরা এ সময় আবার হইচই শুরু করেন। সরকারি দলের সদস্যরাও হইচই করেন। এ পরিস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের বসার অনুরোধ জানান। বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টিও আকর্ষণ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, তার বক্তব্য শেষ হলে বিরোধী দলের সদস্যদের সন্দেহ দূর হবে। কিন্তু হট্টগোল চলতে থাকায় ডেপুটি স্পিকার আবারও সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

এরপর কৃষিমন্ত্রী আবার বক্তব্য শুরু করেন। তিনি জানান, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন। কমিটির সদস্যরা আবেদন যাচাই-বাছাই করে অগ্রাধিকার অনুযায়ী তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠান। সেই তালিকার প্রথম ব্যক্তিকেই ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। একজন ব্যক্তির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়নি।

কৃষিমন্ত্রীর জবাবের পর চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগের প্রতিবাদ জানান। তিনি বলেন, সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়। কারও কাছে এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীকে লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রমাণ ছাড়া সংসদ সদস্যদের বিরুদ্ধে অসত্য অভিযোগ তোলার বিষয়ে আপত্তি জানিয়ে বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন চিফ হুইপ। ডিলার নিয়োগ পদ্ধতিতে কোনো ভুল থাকলে কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন সংশোধনেরও পরামর্শ দেন তিনি।

এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলার সুযোগ চাইলে স্পিকার কাউকে কথা বলার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এ সময় বিরোধী দলীয় সদস্যরা হইচই করেন।

source: Asia Post

Back to top button