আইনশৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগের দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির

আইনশৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগের দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
দেশের বিভিন্ন স্থানে ‘নাশকতা’, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এসব কথা বলেন তিনি।
এ সময় সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
তিনি বলেন, এর দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই নিতে হবে। সরকারি দল ব্যর্থ হলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে।
জাতীয় সংসদে তিনি বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ নিয়ে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
শফিকুর রহমান বলেন, তাহলে দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এড়ানোর। পুরোপুরি দায় নিতে হবে।
source: Asia Post







