News

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ, ইরান যুদ্ধসহ ৮ অভিযোগ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা, অনুমোদনহীন সামরিক অভিযান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা উপেক্ষা ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপসহ আট অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন দেশটির কংগ্রেসের এক রিপাবলিকান সদস্য।

আল-জাজিরা ও বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদে অভিশংসনের আটটি অভিযোগসংবলিত প্রস্তাব উত্থাপন করেন কেনটাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। বুধবারের (১১ নভেম্বর) মধ্যে এ বিষয়ে প্রতিনিধি পরিষদে ভোট হতে পারে।

হেগসেথের বিরুদ্ধে এ উদ্যোগ এমন একসময়ে এসেছে, যখন গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট— উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের কাছে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা। ওই নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়কর ফলাফলের পেছনে ইরান যুদ্ধকে বড় একটি কারণ হিসেবে তুলে ধরেছেন ভোটাররা। নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের সামরিক নীতি ও সিদ্ধান্তের জবাবদিহি নিয়ে কংগ্রেসে চাপও বাড়ছে।

ম্যাসির উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, হেগসেথ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থেকে সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করেছেন এবং বেআইনি সামরিক নির্দেশ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। ম্যাসির ভাষায়, হেগসেথকে দায়িত্বে বহাল রাখা হলে তিনি মার্কিন সংবিধানের জন্য হুমকি হয়ে থাকবেন।

ইরান যুদ্ধ নিয়ে ৩ অভিযোগ

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের প্রথম তিনটি অভিযোগই ইরান যুদ্ধ পরিচালনা ও ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত।

প্রথম অভিযোগে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন হেগসেথ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হামলা কিংবা আসন্ন কোনো হুমকি না থাকা সত্ত্বেও সামরিক অভিযান চালানো হয়েছে। ম্যাসির দাবি, যুদ্ধের শুরু থেকেই এটি আইনবহির্ভূত ছিল।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে কংগ্রেসের উভয় কক্ষে সিদ্ধান্ত হওয়ার পরও যুদ্ধ অব্যাহত রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী। অর্থাৎ সামরিক অভিযান বন্ধে আইনপ্রণেতাদের নির্দেশ উপেক্ষা করেছেন তিনি।

তৃতীয় অভিযোগটি ওয়ার পাওয়ারস রেজল্যুশনের নির্ধারিত সময়সীমা নিয়ে। এ আইনে প্রেসিডেন্টের অনুমোদনে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই সামরিক অভিযান শুরুর পর ৬০ দিনের মধ্যে তা বন্ধ করার বিধান রয়েছে। বিশেষ পরিস্থিতিতে সেনা প্রত্যাহারের জন্য আরও ৩০ দিন সময় পাওয়া যেতে পারে। ম্যাসির অভিযোগ, এই সময়সীমা পার হওয়ার পরও ইরানে সামরিক অভিযান চালিয়ে গেছেন হেগসেথ।

বেসামরিক নাগরিক হত্যা ও মাদকবাহী নৌযানে হামলা

চতুর্থ অভিযোগে যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের প্রাণহানি কমাতে প্রযোজ্য আইন ও সুরক্ষাবিধি উপেক্ষার কথা বলা হয়েছে। ম্যাসির দাবি, হেগসেথ এমন একটি সামরিক সংস্কৃতি গড়ে তুলেছেন, যেখানে যুদ্ধের নিয়ম ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি।

এ ক্ষেত্রে ইরানের মিনাব শহরে একটি স্কুলে যুক্তরাষ্ট্রের বোমা হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিকে ওই হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে প্রায় ১২০ জন শিশু ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পঞ্চম অভিযোগে ক্যারিবীয় অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে মার্কিন সামরিক হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে তুলে ধরা হয়েছে।

ম্যাসির দাবি, এসব অভিযানে অন্তত ২৪৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জাহাজডুবির পর বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর দ্বিতীয় দফায় হামলার ঘটনাও রয়েছে। তার অভিযোগ, প্রচলিত সামুদ্রিক আইন প্রয়োগের পরিবর্তে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহার করেছেন হেগসেথ।

সিনেটরকে ভয় দেখানো, মাদুরোকে অপহরণ

ষষ্ঠ অভিযোগে অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে প্রতিরক্ষা দপ্তরের ক্ষমতা ব্যবহার করে প্রতিশোধ নেওয়া এবং তার বাকস্বাধীনতা খর্ব করার অভিযোগ আনা হয়েছে। সামরিক বাহিনীর সদস্যদের বেআইনি নির্দেশ মানা উচিত নয়— এমন বক্তব্য দেওয়ার পর কেলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে ম্যাসির দাবি।

সপ্তম অভিযোগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার অভিযানের কথা এসেছে। চলতি বছরের জানুয়ারিতে পরিচালিত ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভে’র মাধ্যমে তাদের কারাকাস থেকে তুলে আনার ঘটনায় হেগসেথের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন ম্যাসি। তার দাবি, এ অভিযানের পক্ষে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনি কর্তৃত্ব ছিল না।

অষ্টম অভিযোগে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন রাফ রাইডারে’র বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কংগ্রেসের অনুমোদন কিংবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আসন্ন কোনো হুমকি ছাড়াই ওই অভিযান শুরু এবং পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ। ম্যাসির প্রস্তাবে বলা হয়েছে, অভিযানে ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের প্রায় এক-তৃতীয়াংশ বেসামরিক নাগরিক।

হেগসেথকে সমর্থন ট্রাম্পের, অভিশংসনে সমর্থন ডেমোক্র্যাটদের

অভিশংসন উদ্যোগের পর হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, অভিশংসনের উদ্যোগ এলেও তিনি হেগসেথের পাশে থাকবেন। ইরান যুদ্ধে হেগসেথের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ জিতেছেন। একই সঙ্গে ম্যাসির সমালোচনা করে তাঁকে কংগ্রেসের সময় নষ্ট করার জন্য দায়ী করেন।

অন্যদিকে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস অভিশংসন প্রস্তাবের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন, জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানের বিরুদ্ধে একটি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়েছেন। ভোট হলে তিনি প্রস্তাবের পক্ষে থাকবেন বলে জানিয়েছেন। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আগামী বছরের জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নেতৃত্বও তার হাতে যাওয়ার কথা।

প্রস্তাবটি অবশ্য রিপাবলিকান নেতৃত্বের সমর্থন পাচ্ছে না। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য মন্ত্রিসভার কোনো সদস্যকে অভিশংসন করা উচিত নয়। তার মতে, বিদেশে সামরিক সংঘাত চলার সময় এ ধরনের উদ্যোগ ভালো বার্তা দেয় না।

হেগসেথ নিজেও অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। সোমবার তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান নিয়ে যাদের আপত্তি রয়েছে, তাদের সঙ্গে নীতিগত বিতর্কে তিনি প্রস্তুত। ইরান, ভেনেজুয়েলা ও ইয়েমেনে মার্কিন সেনাদের অভিযানকে ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরে তিনি বলেন, এসব অভিযানের সমালোচনা মানে সেনাদের অর্জনের সমালোচনা করা। মঙ্গলবার পেন্টাগনে সংবাদ সম্মেলন করে অভিশংসন উদ্যোগের জবাব দেওয়ার কথা রয়েছে তার।

কতটা এগোতে পারে অভিশংসন প্রক্রিয়া

ম্যাসি সেপ্টেম্বরে প্রথম হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছিলেন। তবে সে সময় রিপাবলিকান স্পিকার মাইক জনসন অধিবেশন আগেভাগে মুলতবি করায় ভোটের সুযোগ তৈরি হয়নি। এবার মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের প্রথম অধিবেশনেই নতুন করে প্রস্তাবটি উত্থাপন করেছেন ম্যাসি।

প্রতিনিধি পরিষদের নিয়ম অনুযায়ী, ম্যাসি প্রস্তাবটিকে হাউজের বিশেষাধিকারসংক্রান্ত বিষয় হিসেবে উত্থাপন করেছেন। স্পিকার জনসনকে প্রথমে নির্ধারণ করতে হবে, প্রস্তাবটি এভাবে বিবেচনার উপযুক্ত কি না। গ্রহণযোগ্য হলে দুই কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ভোটের ব্যবস্থা করতে হবে। তবে সরাসরি অভিযোগগুলোর ওপর ভোট না দিয়ে প্রস্তাবটি বাতিল কিংবা বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সুযোগও রয়েছে।

অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস হলে বিষয়টি সিনেটে যাবে। সেখানে বিচার শেষে হেগসেথকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ১০০ সদস্যের সিনেটে এ জন্য ৬৭টি ভোট লাগবে।

মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা আগামী বছরের জানুয়ারি থেকে দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলেও বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হবে ৩ জানুয়ারি। ফলে এখনই প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হলেও সিনেটে বিচার ও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নতুন কংগ্রেসের হাতে যেতে পারে। নতুন সিনেটে ডেমোক্র্যাটদের প্রায় ৫৪টি আসন থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা অভিশংসনের মাধ্যমে পদচ্যুতির জন্য প্রয়োজনীয় ৬৭ ভোটের চেয়ে কম।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে মন্ত্রিসভার কোনো সদস্যকে অভিশংসনের ঘটনা অত্যন্ত বিরল। ১৮৭৬ সালে তৎকালীন যুদ্ধমন্ত্রী উইলিয়াম বেলকন্যাপ দুর্নীতির অভিযোগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাসকেও অভিশংসন করা হয়েছিল। তবে সিনেট তার বিরুদ্ধে অভিযোগগুলো বিচার ছাড়াই নিষ্পত্তি করে।

ম্যাসির এই উদ্যোগ তাই শুধু হেগসেথের ভবিষ্যৎ নয়, যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা দপ্তরের ক্ষমতার সীমা এবং সামরিক সিদ্ধান্তে কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্ব নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে।

source: Rajneete

Back to top button