News

৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার

সড়ক দুর্ঘটনায় গত ৬ বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

রোববার (৮ নভেম্বর) সকালে সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এই সময়ে মোটরবাইক আরোহী হিসেবে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে ১৯৩টি এবং পিতা-সন্তান নিহতের ঘটনা ঘটেছে ১৫৯টি। অর্থাৎ ১৯৩টি মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন এবং ১৫৯টি মোটরবাইক দুর্ঘটনায় পিতা-সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

অটোরিকশা যাত্রী হিসেবে একই পরিবারের দুজন নিহতের ঘটনা ঘটেছে ২১১টি। ৩ জন নিহতের ঘটনা ১১৮টি, ৪ জন নিহতের ঘটনা ৯২টি, ৫ জন নিহতের ঘটনা ৫৩টি, ৬ জন নিহতের ঘটনা ৩৮টি এবং ৭ জন নিহতের ঘটনা ঘটেছে ১৩টি। মোট ৫২৫টি দুর্ঘটনায় ১৭২৮ জন নিহত হয়েছেন।

আরো পড়ুন

মাইক্রোবাসের আরোহী হিসেবে মোট ১৮৬টি দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ৪৮টি, ৩ জন নিহতের ঘটনা ৪৬টি, ৪ জন নিহতের ঘটনা ৩৯টি, ৫ জন নিহতের ঘটনা ২৮টি, ৬ জন নিহতের ঘটনা ২০টি, ১১ জন নিহতের ঘটনা ৪টি এবং ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে ১টি।

প্রাইভেটকার আরোহী হিসেবে একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ৩৪টি। ৩ জন নিহতের ঘটনা ৩১টি, ৪ জন নিহতের ঘটনা ২৪টি, ৫ জন নিহতের ঘটনা ১৯টি। মোট ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্স আরোহী হিসেবে মোট ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ১১টি, ৩ জন নিহতের ঘটনা ১৫টি, ৪ জন নিহতের ঘটনা ৯টি, ৫ জন নিহতের ঘটনা ৭টি, ৮ জন নিহতের ঘটনা ৩টি।

বাস যাত্রী হিসেবে একই পরিবারের ২ জন নিহতের ঘটনা ঘটেছে ১৭টি, ৩ জন নিহতের ঘটনা ৯টি, ৪ জন নিহতের ঘটনা ৬টি। মোট ৩২টি দুর্ঘটনায় ৮৫ জন নিহত।

এই সময়ে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনা ঘটেছে একটি।

সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে উল্লেখ করে সংস্থাটি জানায়, মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী এবং বাস যাত্রী হিসেবে একসঙ্গে পুরো পরিবার অথবা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে।

source: Asia Post

Back to top button