সাভার উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা এলাকায় উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা পরিষদের গেটের সামনে এই বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে একটি বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, সে সম্পর্কে পথচারীরা কিছু বলতে পারেননি।
এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট ৪৫ সেকেন্ডের দিকে একটি অটোরিকশা দ্রুত গতিতে চলে যাচ্ছে। অটোরিকশার ভিতর থেকে কিছু একটা ছুড়ে মারার পরপরই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ ও ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে আশপাশে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমরা সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
source: Asia Post







