News

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

ছুটির দিনে রাজধানীর আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এবং রাতে মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাত ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো বাসার ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে রাজধানীর মিরপুরের কালশী মোড়ে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে রাজধানীর মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, কারা বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া রাজধানীর বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের গোলচত্বরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি, ট্রাফিক) উত্তরা বিভাগে কর্মকরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এশিয়া পোস্টকে বলেন, ‘বিমানবন্দরের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়াল সেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে ককটেল বিস্ফোরণের কারণে বিমানবন্দর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।’

এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এশিয়া পোস্টকে বলেন, ‘কে বা কারা উড়াল সেতু থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

source: Asia Post

Back to top button