ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করবে বোর্ড: মাহদী আমিন

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিরপেক্ষ ও নির্মোহভাবে নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন নিম্নতম মজুরি ঘোষণা করবে মজুরি বোর্ড। এ ক্ষেত্রে শ্রমিক, মালিক ও দেশের স্বার্থ রক্ষা করা হবে।
বুধবার (৪ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ত্রিপক্ষীয় জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি পোশাক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের মধ্যে নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।
মাহদী আমিন বলেন, মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন। তারা শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন বলে সরকার বিশ্বাস করে।
তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পর স্বল্পতম সময়ের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বৈঠকেরও ঘোষণা দেওয়া হয়েছে। দুই মাস কাজ করে ডিসেম্বরের মধ্যেই নতুন নিম্নতম মজুরি ঘোষণা করার কথা জানিয়েছে বোর্ড। এতে শ্রমিকদের পাশাপাশি শিল্প ও দেশের স্বার্থও রক্ষা হবে বলে আশা করছে সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঐতিহাসিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের যাত্রা শুরু হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ খাতের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও এ শিল্পের উন্নয়নে কাজ করছে।
তিনি আরও বলেন, শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। তৈরি পোশাকশিল্পের স্বার্থ রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এ খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বহিরাগতরা যুক্ত হয়ে উসকানি ও উত্তেজনা সৃষ্টি করছেন। কিছু সহিংসতা ও নাশকতার ঘটনাও ঘটছে, যাতে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই।
এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে বলে সরকার প্রত্যাশা করে।
তিনি বলেন, শ্রমিকদের ত্যাগ ও সংগ্রামের ওপর ভিত্তি করেই বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতি পেয়েছে। তাই শ্রমিকদের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও মমত্ববোধ নিয়ে থাকবে।
আগামীকাল থেকে শ্রমিকদের কাজে ফেরার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে, সাবলীলভাবে ও শান্তিপূর্ণভাবে আবার কাজে যোগ দেবেন বলে আশা করছে সরকার। একই সঙ্গে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনা ও পরামর্শের প্রক্রিয়াও চলমান থাকবে।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ, শিল্পের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় সরকার কাজ করে যাবে। মজুরি বোর্ড নিরপেক্ষ ও নির্মোহভাবে নতুন মজুরি ঘোষণা করবে বলে সরকারের বিশ্বাস।
সভায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক, মালিক ও সরকার পক্ষের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
source: Asia Post







