যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা বোটমস

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গড়ে উঠল এক নতুন ইতিহাস। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষ্ণাঙ্গ নারী কেইশা ল্যান্স বোটমস। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই অভাবনীয় জয় অর্জন করেন।
আটলান্টার সাবেক মেয়র কেইশা বোটমস হারিয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী রিক জ্যাকসনকে, যিনি এই নির্বাচনের বিদায়ী জনপ্রিয় রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে নিজস্ব তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি খরচ করেছিলেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক এই উপদেষ্টার জয়ে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে জর্জিয়ার বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারের অভূতপূর্ব সমর্থন। আগাম ভোটাভুটির সময় থেকেই তারা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় জমিয়েছিলেন।
নির্বাচনি প্রচারণাকালে প্রতিপক্ষের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল কেইশাকে। রিপাবলিকানদের অভিযোগ ছিল—মেয়র থাকাকালে আটলান্টায় অপরাধের হার বৃদ্ধি পায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তবে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে বোটমস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আটলান্টাকে নেতিবাচকভাবে তুলে ধরার এই রাজনৈতিক কৌশল বহু পুরোনো।
উল্লেখ্য, টানা তৃতীয়বারের মতো জর্জিয়ায় গভর্নর পদে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিল ডেমোক্র্যাটরা। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী স্টেসি আব্রামস রিপাবলিকান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। সংবিধিবদ্ধ মেয়াদের বাধ্যবাধকতায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে কেম্প পদ ছাড়ছেন, যার স্থানে এবার বসতে যাচ্ছেন কেইশা ল্যান্স বোটমস।
source: Rajneete







