News

ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৯, আকাশেই ‘বিচ্ছিন্ন হয়’ কিছু অংশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যক্তিগত একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ নয়জন নিহত হয়েছেন। তদন্তকারীদের ধারণা, মাটিতে আছড়ে পড়ার আগেই আকাশে উড়োজাহাজটির কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। রোববার স্থানীয় সময় দুপুরে পাম বিচ কাউন্টির একটি সড়কে বিধ্বস্ত হয় টেক্সাসের অস্টিন থেকে বাহামাসগামী লিয়ারজেট ৬০ উড়োজাহাজটি। এতে সড়কে বড় গর্ত তৈরি হয় এবং উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) এপির খবরে বলা হয়, উড়োজাহাজটির আরোহীদের মধ্যে আটজনের পরিচয় পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। তারা হলেন— অ্যাডাম রবিনসন, তার স্ত্রী হেলেন শার্প, তাদের দুই সন্তান এমা (৪) ও চার্লি (২), রাচেল রিড, চার্মি ফেয়ার, শিশুদের পরিচর্যাকারী আনিতা মারিয়া সেতিনা এবং ২০ বছর বয়সী সহকারী পাইলট নাথালিয়া গাদেলহা ফিলগুয়েরাস। অন্য পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তার ভাষ্য, উড়োজাহাজটি ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে এসেছিল। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পাইলটরা আকাশে উড়োজাহাজে বরফ জমার কথা জানিয়েছিলেন। দুর্ঘটনার আগে এটি একটি শক্তিশালী ঝড়ের মধ্য দিয়েও যায়।

দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: এপি
দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: এপি

বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে পাইলটের কথোপকথনের রেকর্ডে প্রথমে ফিলগুয়েরাসকে উড়োজাহাজে বরফ জমার কথা জানাতে শোনা যায়। পরে তিনি ‘মেডে’ সংকেত দিয়ে জানান, উড়োজাহাজটি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নামছে।

কিছুক্ষণ পর তিনি বলেন, ‘আমরা মিনিটে ২০ হাজার ফুট গতিতে নামছি। মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি।’ উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, এক মিনিটে প্রায় ২৭ হাজার ফুট নিচে নেমেছিল উড়োজাহাজটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগেই উড়োজাহাজটির কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। দুর্ঘটনাস্থলে সড়কে তৈরি হওয়া গর্ত থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করাও তদন্তকারীদের জন্য বড় চ্যালেঞ্জ। সংস্থাটির সদস্য টম চ্যাপম্যান বলেন, উড়োজাহাজটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে আবহাওয়া কেমন ছিল, তা তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।

বিশেষজ্ঞদের মতে, উড়োজাহাজের ডানা ও অন্যান্য অংশে বরফ জমলে এর ওজন বেড়ে যায়, উত্তোলনক্ষমতা কমে এবং বাতাসের বাধা বাড়ে। এতে উড়োজাহাজের গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় বরফ জমার কোনো ভূমিকা ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

নিহত অ্যাডাম রবিনসন ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা। তিনি ইমেইল বিপণন প্ল্যাটফর্ম রবলি ও রিটেনশন ডটকমের প্রতিষ্ঠাতা। তার স্ত্রী হেলেন শার্প জনসংযোগ পেশার পাশাপাশি সিরামিক শিল্পী ছিলেন। তাদের দুই সন্তানও উড়োজাহাজটিতে ছিল।

সহকারী পাইলট ফিলগুয়েরাস ১৭ বছর বয়সে গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার আগেই পাইলটের লাইসেন্স অর্জন করেন। তার পরিবারের দাবি, দুর্ঘটনার আগে পর্যন্ত তার ১ হাজার ৩০০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা ছিল।

চলতি বছর যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা। এনটিএসবি আগামী ৩০ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। তবে চূড়ান্ত প্রতিবেদন পেতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে।

source: Rajneete

Back to top button