News

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রায় ৭০ চরমপন্থি

এক সময় সর্বহারা চরমপন্থিদের অবাধ বিচরণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই আর খুন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সময়ের ব্যবধানে সেই জেলাগুলো এখন অনেকটাই চরমপন্থামুক্ত দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে সংগঠনটির সদস্যরা।

এরই ধারাবাহিকতায় ওই তিন জেলার আরও প্রায় ৭০ জন চরমপন্থি সর্বহারা আলোর পথে ফিরে আসতে চলেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন তিন জেলার প্রায় ৭০ জন চরমপন্থি সদস্য।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।

আতিকুর রহমান মিয়া বলেন, ‘সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৭০ জন চরমপন্থি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এসআরবি মিডিয়া সেলের তথ্যমতে, রোববার বেলা সাড়ে ১১টায় চরমপন্থি সর্বহারা দলের সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

source: Asia Post

Back to top button