তাহসিফ সৌরির মৃত্যুর তদন্তে নতুন মোড়, উদ্ধার মোটরসাইকেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) নিখোঁজ হওয়া মোটরসাইকেলটি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তা সাজিদ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তুরাগ নদীর পাশে অনুমান ৫০ গজ দূরে দীপের দেওয়া তথ্য অনুসারে মোটরসাইকেলটি উদ্ধার করে পিবিআই।
পিবিআই জানিয়েছে, তদন্তের ধারাবাহিকতায় তাহসিফের তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে সঙ্গে নিয়েই আজ সকালে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালায় পিবিআইয়ের একটি দল। সেখানকার এক দোকানের সামনে নম্বরপ্লেটহীন অবস্থায় পার্ক করা মোটরসাইকেলটি দেখতে পেয়ে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের বলে নিশ্চিত করেছেন দীপ।
কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার রাতে তাহসিফ ও দীপের সবশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তিতে নিশ্চিত হওয়া যায়। জিজ্ঞাসাবাদে দীপ পুলিশকে জানিয়েছেন, উত্তরা থেকে দুটি বাইকে চড়ে তারা দুজন ঘুরাফেরার জন্য মাজার বস্তি এলাকায় এসেছিলেন। বাইক রেখে তুরাগ নদের কিনারায় যাওয়ার পর তাহসিফকে হারিয়ে ফেলেন তিনি। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তাকে না পিয়ে বাসায় ফিরে যান দীপ।
এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে সপরিবারে থাকতেন।
source: Asia Post







