News

শাকিলের জানাজায় ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণার পর এমপির বিরুদ্ধে স্লোগান

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজায় সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন উপস্থিত লোকজন। শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর বাবা নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন শামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল আজিজ উপস্থিত লোকজনকে উদ্দেশ করে কথা শুরু করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তিনি বক্তব্য শেষ করেন।

পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। এরপর এমপি আব্দুল আজিজ নিহত শাকিলের পরিবারকে তার পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় হুইপ দুলু মাইক হাতে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

স্থানীয়দের ভাষ্য, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের দুই ছেলে নুরুজ্জামান মিন্টু ও মাহমুদুজ্জামান সোহাগের আলাদা অনুসারী ও সমর্থক গোষ্ঠী রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইয়ের অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম সংসদ সদস্যের ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের অনুসারী ছিলেন। দুই ভাইয়ের অনুসারীদের বিরোধের জেরে শাকিলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

গত ১৪ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয় তাকে। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাকিলের বাবা ও হত্যা মামলার বাদী রবিউল করিম মিস্ত্রি বলেন, ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এশিয়া পোস্টকে জানান, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অধিকতর তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

source: Asia Post

Back to top button