শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তবে তিনি (শেখ হাসিনা) কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না; তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা যাকে বিচার প্রক্রিয়ায় চাই, তিনি নিজ থেকে চলে এলে আমরা খুশি হব, তখন আর ধরে-বেঁধে আনতে হবে না। তিনি এলেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি আসার পর আইনগত যা যা হওয়ার, তাই হবে।
শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়ে বারবার আলোচনা হলে একই বিষয় নিয়ে দীর্ঘদিন জল্পনা-কল্পনা চলতে থাকবে।
এ প্রসঙ্গে ডিসেম্বর বা পরবর্তী জুনের উদাহরণ টেনে তিনি জানান, বারবার নতুন সময়সূচির কথা বলা হলে আলোচনাটি পুনরাবৃত্তিমূলক হয়ে ওঠে।
উদাহরণ টেনে ডা. জাহেদ উর রহমান আরও বলেন, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর এরশাদ কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা দেশেই ছিলেন, জেল খেটেছেন এবং পরবর্তীতে নির্বাচনে পাঁচটি আসনে জয়ীও হয়েছেন; তার দলেরও ৩৫টি আসন ছিল। শেখ হাসিনা দেশে ফিরলেও তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যা হওয়ার তাই হবে। তাকে কোনো ধরনের বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া হবে না।
source: Asia Post







