News

গাজীপুরে বাসায় আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫), তাদের সন্তান সোহাদ (৪) ও সায়ান (৫)।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে পরিবারের সদস্যরা বাসার একটি সোফায় আগুন দেখতে পান। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলেও আগুন ধরে যায়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে এবং কী কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দগ্ধ চারজনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

সুলতান মাহমুদ শিকদার জানান, সেলিনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মলসিনের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে চারজনের মধ্যে দুজন, মা সেলিনা আক্তার ও বড় ছেলে সায়ান, ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। অপর দুজন বাবা মলসিন প্রধান ও ছোট ছেলে সোহাদ পর্যবেক্ষণে রয়েছেন।

source: Asia Post

Back to top button