গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সরকারি গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তে নয়, ব্যক্তিগতভাবে বিশেষ কারণে পদত্যাগ করছেন তিনি। তবে পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এই সংসদ সদস্য।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসভবন থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে গাড়ি থেকে সরকারি লোগোটি খুলে ফেলেন ইশরাক। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দল তার পদত্যাগ চায়নি। তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ কিছু কারণে তাকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেও জানান তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, পদত্যাগের সিদ্ধান্ত নিলেও মাদকের বিরুদ্ধে তার যুদ্ধ চলবে।
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন। ওই সময় তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র ছিল।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
এ ঘটনাকে ঘিরে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয়। পাশাপাশি সরকারের জন্যও পরিস্থিতিটি বিব্রতকর হয়ে ওঠে। এর মধ্যেই সোমবার সরকারি গাড়ি থেকে লোগো খুলে ফেলার পাশাপাশি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ইশরাক হোসেন।
source: Asia Post







