যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের দায়ে পরীক্ষার্থীর কারাদণ্ড

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রেশমা আক্তার (২৫) নামে এক চাকরিপ্রার্থীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এতে বলা হয়, আটক পরীক্ষার্থীর বাড়ি রাজারহাট থানার কুড়িগ্রামে। পরীক্ষা চলাকালে তিনি গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক বিষয়টি দেখে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। একইসঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
source: Asia Post







