এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ/‘মামলাবাজ’ সেই বিচারক বরখাস্ত

লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২ (ক) ও ২ (চ) অনুযায়ী যথাক্রমে, ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে ০২/২০২৬নং বিভাগীয় মামলা রুজু করা হয়েছে এবং যেহেতু, তার বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরামর্শ প্রদান করেছেন; সেহেতু, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত (Suspend) করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতাপ্রাপ্ত হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ‘গাজীপুরে মার্কেট দখল নিতে বিচারকের মামলাবাজি’ ও ‘বিচারকের ১৮ মামলায় জিম্মি দেড়শ ব্যবসায়ী’ পৃথক প্রতিবেদন প্রকাশ করে এশিয়া পোস্ট।
এরপর আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্তের জন্য পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী এবার তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত (Suspend) করা হলো।
source: Asia Post







