News

৩ বছরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু

২০২৩ সালের অক্টোবর থেকে গত তিন বছরে ইসরায়েলি বাহিনীর হাতে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক হয়েছে। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে অন্তত ৩৫০ জন ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। তাদের ‘চরম অমানবিক পরিস্থিতিতে’ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি’। তাদের প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বানানোর প্রবণতা বাড়ছে। মঙ্গলবারও অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহর থেকে অন্তত ছয় শিশুকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে অবরুদ্ধ গাজায় হাজার হাজার মানুষ নিখোঁজ ও বলপূর্বক গুমের শিকার হওয়ায় সেখানে ঠিক কত শিশুকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটির ভাষ্য, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই কিংবা মুক্তির সময়সীমা না জানিয়ে শিশুদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হচ্ছে। এতে তারা পরিবার ও শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। সংগঠনটির অভিযোগ, আটকের পর শিশুদের ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার ঘটনা নিয়মিত ঘটছে।

এর উদাহরণ হিসেবে প্রতিবেদনে ১৫ বছর বয়সী মোহাম্মদ হামিদের ঘটনা উল্লেখ করা হয়েছে। কুখ্যাত ওফার কারাগারে বন্দি থাকা অবস্থায় সে স্ক্যাবিস নামের অত্যন্ত সংক্রামক চর্মরোগে আক্রান্ত হয়। সময়মতো চিকিৎসা না পাওয়ায় তার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে তার হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করতে হয়। একপর্যায়ে চিকিৎসকদের তার একটি পা কেটে ফেলতে হয়।

প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেগিদ্দো কারাগারে ছয় মাস বন্দি থাকার পর ২০২৫ সালের মার্চে ১৭ বছর বয়সী কিশোর ওয়ালিদ আহমেদের মৃত্যু হয়। অনাহারে থাকার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি—এমন যুক্তি দেখিয়ে গত ডিসেম্বরে এক ইসরায়েলি বিচারক মৃত্যুর ঘটনাটির তদন্ত বন্ধ করে দেন।

ফিলিস্তিনি শিশুদের পাশাপাশি কোনো অভিযোগ ছাড়াই একাধিক মার্কিন পাসপোর্টধারী অপ্রাপ্তবয়স্ককেও আটক রাখার কথা জানিয়েছে সংগঠনটি। তাদের মধ্যে ফ্লোরিডার কিশোর মোহাম্মদ ইব্রাহিম মেগিদ্দো কারাগারে বন্দি ছিল। মার্কিন আইনপ্রণেতা ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের দীর্ঘদিনের চাপের মুখে তাকে মুক্তি দেওয়া হয়।

তবে গত জুনে অধিকৃত পশ্চিম তীরের বাড়ি থেকে গভীর রাতে আটক করা আবদেলকারিম ইসা আহমেদ সাফিকে কারাগারে ১৮ বছর পূর্ণ হওয়ার পর প্রাপ্তবয়স্ক বন্দিদের সেলে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, গত জুলাইয়ে আটক ১৬ বছর বয়সী মার্কিন নাগরিক আদম ওয়াজেহের জামিন মঞ্জুর হলেও শেষ মুহূর্তে তার মুক্তি বাতিল করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি কারাগারে শিশুদের নির্বিচারে আটক রাখা, নির্যাতন ও অনাহারে রাখার ঘটনা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি। সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে শুধু অধিকৃত পশ্চিম তীরেই ২৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

source: Rajneete

Back to top button